ATN News
শিরোনাম
  •  

ফুটবল মাঠের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলেন আলভেজ

         
ফুটবল মাঠের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলেন আলভেজ

ফুটবল মাঠের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলেন আলভেজ

কারাগারে ১৪ মাস কাটানো ব্রাজিলের সাবেক ফুটবল তারকা দানি আলভেজের দাবি, ফুটবল ক্যারিয়ারের চেয়ে জেলজীবনেই বেশি সুখ ও মানসিক প্রশান্তি পেয়েছেন তিনি।

সম্প্রতি এক ধর্মীয় বক্তৃতায় নিজের কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন ৪৩ বছর বয়সী আলভেজ। তিনি জানান, স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে থাকার সময় কাজ করে ১১৩ ইউরো আয় করেছিলেন। তবে ওই সামান্য অর্থেও তিনি অনেক সুখী ছিলেন।

শ্রোতাদের উদ্দেশে আলভেজ বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করতাম। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখ লাখ ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’

ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমি অনেক প্রশ্ন করি। তাঁর সামনে আমি একজন শিশুর মতো। তাঁকে সবকিছু নিয়েই প্রশ্ন করি।’

সম্প্রতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা। সেখানে নিজের জীবনে বিশ্বাসের প্রভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা তুলে ধরছেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে স্পেনের বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন আলভেজ। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ডিসেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। পরে একই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে মুক্তি পান তিনি।

২০২৫ সালের ২৮ মার্চ কাতালুনিয়ার উচ্চ আদালত আপিলের শুনানি শেষে আগের সাজা বাতিল করে তাঁকে খালাস দেন। আদালত আগের রায়ে অসংগতি এবং অভিযোগ প্রমাণে পর্যাপ্ত প্রমাণের অভাবের বিষয়টি উল্লেখ করেন।

ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন আলভেজ। বার্সেলোনার হয়ে ৪০৮টি ম্যাচ খেলে ২৩টি শিরোপা জিতেছেন তিনি। এ ছাড়া জুভেন্টাস ও পিএসজির হয়েও লিগ শিরোপা জিতেছেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই রাইটব্যাক। জাতীয় দলের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ