ATN News
শিরোনাম
  •  

রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস ববি হাজ্জাজের

         
রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস ববি হাজ্জাজের

রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস ববি হাজ্জাজের

রাজধানীর রায়েরবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও এর পাশের টিনের বসতঘরে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ঘটনাস্থলে অবস্থান করেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তী সময়ে তাঁর দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাঁদের সহায়তার আওতায় আনতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে রায়েরবাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে তার ওপর টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলেন তিনি। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনাও দেন।

এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাৎক্ষণিক দায়িত্ব। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যতে অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ