ATN News
শিরোনাম
  •  

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

         
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলার পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগে। এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়িটির আশপাশে নিয়মিত টহলের দায়িত্বে থাকা সদস্যরা নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। ফলে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাড়িটির নিচতলার পূর্ব পাশের ওই অংশটি গত ১০ থেকে ১৫ বছর ধরে অব্যবহৃত। সেখানে পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড় রাখা ছিল। ওই অংশে কেউ বসবাস করেন না।

তবে বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে পুলিশের প্রাথমিক ধারণার বরাতে বলা হয়েছে, কেরোসিন বা অকটেনের মতো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের বাবা গত শতকের ষাটের দশকে বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। তাঁর আদি পৈতৃক গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া।

ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সূত্র: বাসস

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ