ATN News
শিরোনাম
  •  

আলিয়ার দাম্পত্য নিয়ে নেতিবাচক ধারণাকে ‘অপমানজনক’ বললেন অভিনেত্রী

         
আলিয়ার দাম্পত্য নিয়ে নেতিবাচক ধারণাকে ‘অপমানজনক’ বললেন অভিনেত্রী

আলিয়ার দাম্পত্য নিয়ে নেতিবাচক ধারণাকে ‘অপমানজনক’ বললেন অভিনেত্রী

বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আলোচনা-সমালোচনা দেখা যায়। বিশেষ করে তাঁদের বয়স ও সম্পর্কের সমীকরণ তুলে ধরে অনেকেই এই দাম্পত্যকে ‘অসম’ বলে মন্তব্য করেন। কেউ কেউ আলিয়াকে সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতির শিকার হিসেবেও উপস্থাপন করেন। তবে এমন ধারণাকে সরাসরি অপমানজনক বলে অভিহিত করেছেন অভিনেত্রী।

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাঁদের সংসারে আসে কন্যাসন্তান রাহা। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা ঘিরে এক আলাপচারিতায় নিজের দাম্পত্যজীবন নিয়ে প্রচলিত জল্পনার বিষয়ে মুখ খোলেন আলিয়া। অভিনেত্রীর মতে, কোনো নারীকে একটি কাল্পনিক পরিস্থিতির অসহায় শিকার হিসেবে তুলে ধরা তাঁর কাছে অসম্মানজনক।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন হয়, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেছেন আলিয়া।

রণবীরের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম। ’

এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামী মনে করেন, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। আলিয়ার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, স্বামীকে খুশি রাখতে অভিনেত্রীকে কি সব সময় নিজের আচরণ বদলাতে হয়?

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ