ATN News
শিরোনাম
  •  

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

         
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা ইতোমধ্যে কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে এগিয়ে থাকতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান সরকার এ ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং নতুন প্রযুক্তির উদ্ভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিমান চলাচলের পাশাপাশি মহাকাশ গবেষণায়ও বাংলাদেশের তরুণদের এগিয়ে আসতে হবে। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে দেশের তরুণেরা একদিন মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ দেবে। তবে তরুণদের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় মনোযোগী হতে হবে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ একদিন নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল থেকে মোট ২৯৬ জন অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ