ATN News
শিরোনাম
  •  

দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১ হাজার ৫১৯ কোটি আয় ‘রামায়ণ’-এর

         
দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১ হাজার ৫১৯ কোটি আয় ‘রামায়ণ’-এর

দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১ হাজার ৫১৯ কোটি আয় ‘রামায়ণ’-এর

মুক্তির ১৪ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ৫১৯ কোটি রুপি আয় করেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’, গড়েছে নতুন বক্স অফিস রেকর্ড।

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। মুক্তির প্রথম দিকে প্রত্যাশার তুলনায় কিছুটা ধীরগতিতে এগোলেও পরবর্তী সময়ে আয়ের গতি বাড়ে। বিশেষ করে দীপাবলির ছুটিকে কেন্দ্র করে দর্শকের উপস্থিতি ও বক্স অফিস সংগ্রহে ইতিবাচক প্রভাব পড়ে।

বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে ভারতের ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে সিনেমাটি নিট আয় করেছে ২৩ কোটি ২০ লাখ রুপি। একই দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি। সব মিলিয়ে ১৪ দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় ১ হাজার ৯ কোটি ৫ লাখ রুপি। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫১০ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।

এ অর্জনের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ১ হাজার কোটি রুপির গ্রস আয়ের মাইলফলক অতিক্রম করা ষষ্ঠ ভারতীয় সিনেমা হয়েছে ‘রামায়ণ’। এর আগে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-সহ আরও কয়েকটি সিনেমা এ মাইলফলক অর্জন করেছে।

এদিকে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ এখনো রয়েছে। বক্স অফিসে এর আয় কতদূর যেতে পারে, তা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বিশাল আয়োজনটি দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বে রামের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। এতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, রাকুলপ্রীত সিং ও কাজল আগরওয়ালসহ অনেকে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ