ATN News
শিরোনাম
  •  

নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনের প্রভাব নেই রাজধানীতে

         
নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনের প্রভাব নেই রাজধানীতে

লকডাউনের মধ্যেও স্বাভাবিক ঢাকা

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহন চলাচল ও জনজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করেছে স্বাভাবিকভাবে। পাশাপাশি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও ছিল সচল।

সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। কর্মজীবী মানুষকে নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীতের কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এ সময় নগরীর কয়েকটি এলাকায় যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

গুলশান জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আ. বহমান জানান, রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শীতের কারণে সকালে সড়কে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম অব্যাহত ছিল। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে আসে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। রাজধানীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আলোচনা ও উদ্বেগ থাকলেও রাজধানীর দৈনন্দিন জীবনযাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। সড়কে যানবাহন চলাচল, কর্মস্থলে মানুষের উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ