ATN News
শিরোনাম
  •  

শিক্ষার্থীদের সঙ্গে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

         
শিক্ষার্থীদের সঙ্গে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই জাতীয় সংসদ ভবন সৌরবিদ্যুতের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। পাশাপাশি চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে।

ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের সামনে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।

সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডিইউএসএপি) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থীও সংসদ ভবন পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ