ATN News
শিরোনাম
  •  

সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মুখোমুখি হচ্ছেন মেঘনা আলম

         
সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মুখোমুখি হচ্ছেন মেঘনা আলম

সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মুখোমুখি হচ্ছেন মেঘনা আলম

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে আগামী বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে তাকে অনুরোধ জানানো হয়েছে। গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ নোটিশ জারি করেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে মেঘনা আলমকে তলব করা হয়েছে।

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ