ATN News
শিরোনাম
  •  

সান্তাহারে কলেজ থেকে ফেরার পথে রেললাইনে প্রাণ গেল কলেজছাত্রীর

         
সান্তাহারে কলেজ থেকে ফেরার পথে রেললাইনে প্রাণ গেল কলেজছাত্রীর

সান্তাহারে কলেজ থেকে ফেরার পথে রেললাইনে প্রাণ গেল কলেজছাত্রীর

বগুড়ার সান্তাহারে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে পৌর শহরের সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নিহত শিল্পা বানু সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কলেজে যান শিল্পা। পরে বাড়ি ফেরার পথে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সাহেবপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তার স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসেন। পরে তিনি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেললাইনে অসতর্কভাবে চলাচল ও মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি আবারও সামনে আনল এই মর্মান্তিক দুর্ঘটনা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ