ATN News
শিরোনাম
  •  

ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর, ব্যবসা শুরুর অনুমতি মিলবে ১৪ দিনে

         
ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর, ব্যবসা শুরুর অনুমতি মিলবে ১৪ দিনে

ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর, ব্যবসা শুরুর অনুমতি মিলবে ১৪ দিনে

দেশের রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং শিল্প খাতে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে একগুচ্ছ উদ্যোগের কথা জানিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র পাওয়ার সময় ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংসদে দেশের রপ্তানি পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এ সময় মোট রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৯৮৮ মিলিয়ন ডলার। এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বছর শেষে গত বছরের তুলনায় অন্তত ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতা এবং ইরানের যুদ্ধ শুরুর প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাজারগুলোতে ভোক্তাদের ব্যয় কমেছে। তবে বিকল্প ও অপ্রচলিত বাজারে ভালো করায় বাংলাদেশের রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। গত চার মাসে পাট খাতে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চামড়া ও তৈরি পোশাকের বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।

পোশাকশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, চীন ও তুরস্কের মতো দেশে উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় বাংলাদেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে মালিক, শ্রমিক ও শিল্প খাতের স্বার্থ সমন্বয় করা গেলে আগামী দুই থেকে তিন দশক এ শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।

তবে উৎপাদন ব্যয় বৃদ্ধিকে পোশাকশিল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসের দাম প্রায় ৩০০ গুণ বেড়েছে। অথচ দেশের অধিকাংশ শিল্পকারখানা বিদ্যুৎ উৎপাদন ও স্টিম তৈরিতে গ্যাসের ওপর নির্ভরশীল। এ সময়ে শ্রমিকদের মজুরি ও অন্যান্য উৎপাদন ব্যয় বাড়লেও তৈরি পোশাকের দাম সেই অনুপাতে বাড়েনি।

এ পরিস্থিতিতে তুলানির্ভর উৎপাদন থেকে বেরিয়ে ম্যানমেড ফাইবারসহ উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের পণ্যের উৎপাদন বাড়লে রপ্তানি আয় ও কারখানার মুনাফা বাড়বে। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগও তৈরি হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগে ইইউর বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেলেও ভারতকে প্রায় ৯ দশমিক ৬৬ শতাংশ শুল্ক দিতে হতো। ভারতের সাথে ইইউর এফটিএ কার্যকর হওয়ায় দেশটি শুল্কসুবিধা পাবে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমিয়ে দেবে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ইইউর সঙ্গে প্রথম দফার এফটিএ আলোচনা শুরু হবে। এ ছাড়া আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগেই বিশ্ববাজারে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানান তিনি।

শিল্প খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে প্রশাসনিক জটিলতা কমানোর বড় ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আগে একটি ব্যবসা শুরু করতে বিভিন্ন অনুমতি ও ছাড়পত্র পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগত। সরকার এই দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে এবং পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পোশাক ও বস্ত্র খাতকে নীতিগত সহায়তা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শ্রমিকদের মজুরি ও শ্রম পরিস্থিতি নিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, স্থায়ী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সংগত। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে বিবেচনায় নিতে হবে। ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকার সক্ষমতা, রপ্তানি মূল্য এবং উৎপাদন ও ইউটিলিটি খরচ হিসাব করেই মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।

এ সময় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিরতা এড়ানোর বিষয়ে সতর্ক করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তৈরি পোশাক খাত একটি আনুষ্ঠানিক খাত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা সবসময় এর ওপর নজর রাখেন এবং কারখানাগুলোতে নিয়মিত নিরীক্ষা হয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন ও দর-কষাকষির পূর্ণ অধিকার রয়েছে এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমেই যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু শ্রমিকদের এই আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন সারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে বা বিদেশি রাষ্ট্র ও ক্রেতাদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে প্রাথমিক শর্ত হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে প্রতিদিন ২ হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাস পাওয়া যায়। এই বিদ্যমান গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিল্প খাতকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যে বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এবং শিল্প খাতের গ্রাহকদের সঙ্গে সমন্বয় করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ চলছে।

দেশের পোশাকশিল্পের ঐতিহাসিক যাত্রা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এ শিল্পের যাত্রা শুরু হয়েছিল। ১৯৭৮ সালের পর থেকে গত ৪৮ বছরে এ খাতের রপ্তানি আয় প্রায় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের মোট রপ্তানি ঝুড়ির ৮০ শতাংশের বেশি আসে এই তৈরি পোশাক খাত থেকে। এই বিশাল অর্জন কোনো একক পক্ষের নয়, বরং মালিক ও শ্রমিকের সম্মিলিত পরিশ্রম এবং রাষ্ট্রের দেওয়া প্রণোদনা ও নীতিগত সহায়তার ফসল উল্লেখ করে তিনি বলেন, একটি শিল্পকে নষ্ট করে ফেলা খুব সহজ, কিন্তু একে ক্রমবর্ধমান বিকাশের পথে এগিয়ে নেওয়াই আসল কৃতিত্ব। তাই জাতীয় অর্থনীতির স্বার্থে এই শিল্পের বিকাশ ধরে রাখা অপরিহার্য।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ