ATN News
শিরোনাম
  •  

ম্যানগ্রোভ রক্ষায় বাংলাদেশের তিন প্রস্তাব সাইমুম পারভেজের

         
ম্যানগ্রোভ রক্ষায় বাংলাদেশের তিন প্রস্তাব সাইমুম পারভেজের

ম্যানগ্রোভ রক্ষায় বাংলাদেশের তিন প্রস্তাব সাইমুম পারভেজের

ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু মোকাবিলায় যৌথ প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের (এমএসি) চতুর্থ মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে আয়োজিত বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী, প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারির তথ্য অনুযায়ী, এ জোটের সদস্যদেশ ৪৭টি।

বৈঠকে ড. সাইমুম পারভেজ বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে কার্যকর যৌথ প্রকল্পে রূপ দিতে হবে। এসব প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এলাকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাতে হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুন্দরবন জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে প্রাকৃতিক সুরক্ষাবেষ্টনী হিসেবে কাজ করে। পাশাপাশি এটি মাছের প্রজনন ও বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ আবাসস্থল। বনটির গাছ ও মাটিতে বিপুল পরিমাণ কার্বন সঞ্চিত থাকে। উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবিকার সঙ্গেও সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে জড়িত।

এ সময় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সরকারি কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। উপকূলীয় এলাকায় বিদ্যমান ম্যানগ্রোভ বন সংরক্ষণ, প্রাকৃতিকভাবে নতুন গাছ জন্মানোর পরিবেশ তৈরি এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন সাইমুম পারভেজ।

তিনি বলেন, খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হবে, বসতি সুরক্ষিত থাকবে এবং উপকূলীয় মানুষের জীবিকা আরও শক্তিশালী হবে।

ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের মাধ্যমে সবুজ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে দেশীয় প্রজাতির চারার নার্সারি তৈরি, বৃক্ষরোপণ, বন পর্যবেক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে নারী ও তরুণদের প্রশিক্ষণ এবং অর্থায়নের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জলবায়ু অর্থায়নের বিষয়ে ড. সাইমুম পারভেজ জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ (আরাইজ) কর্মসূচির প্রথম পর্যায়ে বিনিয়োগ পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের সুযোগ রয়েছে। এ অর্থায়ন পেতে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিনিয়োগ পরিকল্পনা তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রস্তাবিত পরিকল্পনায় উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

বৈঠকে ম্যানগ্রোভ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে তিনটি প্রস্তাব দেন ড. সাইমুম পারভেজ। এগুলো হলো -ম্যানগ্রোভ পুনরুদ্ধারে কাজ করা বিভিন্ন দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও উপকূল সুরক্ষায় ব্লু কার্বন পরিমাপ ও পর্যবেক্ষণের অভিন্ন পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নযোগ্য যৌথ প্রকল্প প্রস্তুত করা।

এ ছাড়া বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় কার্বন রেজিস্ট্রির বিষয়টিও তুলে ধরেন তিনি। তার মতে, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে অতিরিক্ত কার্বন সঞ্চয় নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কার্বন ক্রেডিটের মাধ্যমে বন সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যায় অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে এ ক্ষেত্রে কার্বনের দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।

বৈঠকে আগ্রহী সদস্যদেশগুলোর সঙ্গে ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও উপকূলীয় সুরক্ষায় যৌথ প্রকল্প তৈরি এবং বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ড. সাইমুম পারভেজ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ