ATN News
শিরোনাম
  •  

মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

         
মার্কিন  ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এতে মার্কিন বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে (ডিএফসি) এর অর্থায়নের যোগ্য হিসেবে বিবেচনার বিষয়টি জানানো হয়েছে। এটি দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের জন্য একটি ইতিবাচক অর্জন।

তিনি বলেন, (ডিএফসি) এর অর্থায়নের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ আসার পথ আরও সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই অর্জনকে বর্তমান সরকারের শ্রমবান্ধব নীতি, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতে শ্রমিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি আস্থা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি জানান,(ডিএফসি) এর অর্থায়নের আওতায় প্রতিটি প্রকল্প পৃথকভাবে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে। অর্থাৎ, যোগ্যতা অর্জনের ফলে সব প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে অর্থায়ন পাবে না। প্রকল্পের ধরন ও সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে মাহদী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলে যুক্তরাষ্ট্রের (ডিএফসি) এর অর্থায়নের যোগ্যতা অর্জনের পথ তৈরি হয়েছে। নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, (ডিএফসি) এর অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়বে। এর ফলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ