ATN News
শিরোনাম
  •  

শিশু সুরক্ষায় টেকসই ব্যবস্থা গড়তে বাংলাদেশের অঙ্গীকার

         
শিশু সুরক্ষায় টেকসই ব্যবস্থা গড়তে বাংলাদেশের অঙ্গীকার

শিশু সুরক্ষায় টেকসই ব্যবস্থা গড়তে বাংলাদেশের অঙ্গীকার

শিশুদের সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্যে আইন, প্রতিষ্ঠান ও সরকারি অর্থায়নের সমন্বয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’-এর সম্মেলন-পূর্ব স্যাটেলাইট ইভেন্টে এ কথা বলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‘টেকসই প্রভাব নিশ্চিতে শিশু সুরক্ষা ব্যবস্থা ও অর্থায়ন জোরদার’ শীর্ষক অধিবেশনে মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা শুধু শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, সামাজিক ঐক্য ও টেকসই উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করে। শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার।

তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি (স্পোর্টস)’ কর্মসূচির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ এবং সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের তিনটি কৌশলগত অগ্রাধিকারের কথা তুলে ধরেন তিনি।

প্রথম অগ্রাধিকার হিসেবে নেতৃত্ব ও জবাবদিহি জোরদারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করার মাধ্যমে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে সহিংসতা প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বৃদ্ধি। শিশুদের বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ ও বসবাসের পরিবেশ থেকেই সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিত করা, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্ত করা এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবহারে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে শিশু সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।

ফিলিপাইনের ম্যানিলায় ১৮-১৯ নভেম্বর দ্বিতীয় গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৬-১৭ নভেম্বর সম্মেলন-পূর্ব স্যাটেলাইট ইভেন্টে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ