ব্যস্ত জীবনে বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে পরিচিত-অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব। তবে বন্ধুতালিকায় অনেকেই রয়েছেন, যাদের সঙ্গে নেই কোনো যোগাযোগ, কেউ কেউ আবার বিরক্তির কারণ।
ব্যস্ততা, আলসেমি কিংবা চক্ষুলজ্জার কারণে অনেক সময় এসব অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া হয় না। তবে চাইলে আজই সেই কাজটি করতে পারেন। কারণ, আজ ১৭ নভেম্বর ‘আনফ্রেন্ড দিবস’।
২০১০ সালে মার্কিন কৌতুক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল ১৭ নভেম্বরকে ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’ হিসেবে পালনের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা, অপ্রয়োজনীয় কিংবা বিরক্তিকর ব্যক্তিদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়ার ধারণা থেকেই দিবসটির প্রচলন।
একসময় বন্ধুত্ব বলতে বোঝাত আন্তরিকতা, বিশ্বাস ও ব্যক্তিগত পরিচয়ের একটি সম্পর্ক। কিন্তু ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারে বন্ধুত্বের ধারণায় এসেছে পরিবর্তন। এখন সামনাসামনি কখনো দেখা হয়নি, এমন মানুষের সঙ্গেও অনলাইনে গড়ে উঠছে বন্ধুত্ব। ফেসবুকে পরিচিত-অপরিচিত মিলিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ বন্ধুতালিকা।
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বন্ধুতালিকায় থাকা অসংখ্য মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেউ কীভাবে যুক্ত হয়েছেন, কখন বন্ধুত্ব হয়েছে, এমনকি আদৌ পরিচয় হয়েছিল কি না, সেসব বিষয়ও মনে নেই। এভাবে দিনের পর দিন বাড়তে থাকে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা।
বন্ধু বা ‘ফ্রেন্ড’ শব্দটি বহু শতাব্দী ধরেই প্রচলিত। ‘আনফ্রেন্ড’ শব্দটিরও পুরোনো ইতিহাস রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের সঙ্গে শব্দটি নতুন অর্থে ব্যাপক পরিচিতি লাভ করে। ২০০৯ সালে নিউ অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি এর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘আনফ্রেন্ড’। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়াকে বোঝাতেই শব্দটি ব্যবহৃত হয়।
আনফ্রেন্ড দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট ও আলোচনা দেখা যায়। অনেকেই মজার ছলে বলেন, আজ বুঝি বেশ কিছু বন্ধুত্বের মেয়াদ শেষ হতে চলেছে! যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেন না; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টেই থাকে অভিযোগের ছড়াছড়ি তাদেরও হয়তো আজ বিদায় জানানো যেতে পারে।
তবে মজার ছলে আনফ্রেন্ড করার কথা বললেও দিবসটির একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটি শুধু অচেনা বা বিরক্তিকর মানুষদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়ার দিন নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ।
ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে কি না, সেটিও ভেবে দেখা প্রয়োজন। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছি কি না, সেটিও ভাবার বিষয়।
কারণ, প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর বদলে যদি পুরো সময় ছবি তোলা ও পোস্ট করার ব্যস্ততায় কেটে যায়, তাহলে সেই মুহূর্তগুলোর প্রকৃত আনন্দই অনেকটা হারিয়ে যায়।
তাই আনফ্রেন্ড দিবসে চাইলে একবার নিজের ভার্চুয়াল বন্ধুতালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই কিংবা যাদের উপস্থিতি কেবল বিরক্তির কারণ, তাদের বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখতে হবে, কাউকে আনফ্রেন্ড করা মানেই তার সঙ্গে শত্রুতা তৈরি করা নয়। কখনো কখনো নিজের ব্যক্তিগত পরিসর ও মানসিক স্বস্তি বজায় রাখতেও কিছুটা দূরত্ব প্রয়োজন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি