ATN News
শিরোনাম
  •  

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা

         
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা

একটি নাম, একটি কণ্ঠ, তার পরিচয়ের জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। গোটা উপমহাদেশে যার সুরেলা কণ্ঠের খ্যাতি, সেই নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। জীবনের ৭৪তম হেমন্ত পার করছেন তিনি।

জন্মদিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘সব ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা, তাদের অসামান্য ভালোবাসা ও সমর্থনের জন্য। তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য আমি যেন আরো অনেক সময় ধরে গান করে যেতে পারি, এটাই চাওয়া।’

সবার উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে রুনা লায়লা বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’

ভিডিও বার্তার সঙ্গে একটি লিখিত বার্তাও দিয়েছেন এই কিংবদন্তি। তাতে লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো—তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সান্নিধ্যে কাটানোর আশা ব্যক্ত করেন শিল্পী।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন সংগীতশিল্পী। পারিবারিক সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা রুনা লায়লা ছোটবেলায় নাচের প্রতি আগ্রহী থাকলেও পরবর্তী সময়ে সংগীতেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

বাবার চাকরির সুবাদে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান তিনি। সেখানেই সংগীতচর্চার শুরু। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানটির মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান গাওয়া শুরু করেন তিনি।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু হয় তার। বলিউডেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ এবং ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ ১৭টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তার সংগীতজীবনে গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে জানা যায়।

গান রেকর্ডিংয়ের ক্ষেত্রেও রয়েছে তার বিশেষ অর্জন। সংগীত পরিচালক নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেন তিনি। এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন রুনা লায়লা। এ ছাড়া দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন সম্মাননা।

দীর্ঘ কয়েক দশকের সংগীতযাত্রায় অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া রুনা লায়লার জন্মদিনে ভক্তদের প্রত্যাশা—তার সুরেলা কণ্ঠে আরও বহুদিন মুখরিত হোক সংগীতাঙ্গন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ