ATN News
শিরোনাম
  •  

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

         
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।

এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।

পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। একই সঙ্গে লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়।

তিনি আরও জানান, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

এদিকে, একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ মাইকিং করে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায় এবং বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ