ATN News
শিরোনাম
  •  

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: শিক্ষামন্ত্রী

         
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: শিক্ষামন্ত্রী

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাই স্বপ্ন ছিল খালেদা জিয়ার: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশের শিক্ষাব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে নিজের উপলব্ধি তুলে ধরে তিনি বলেন, শুরুতে তাঁর মনে হয়েছিল, তাঁরা যেন এমন একটি গাড়িতে বসে আছেন, যেটি সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এবং গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হলে চলবে না, জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

কারিগরি শিক্ষার আধুনিকায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হবে না। আগামী বাজেটে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ