ATN News
শিরোনাম
  •  

রমজানে ফল আমদানিতে শুল্কছাড়, ভ্যাট আইনে অনুমোদন

         
রমজানে ফল আমদানিতে শুল্কছাড়, ভ্যাট আইনে অনুমোদন

রমজানে ফল আমদানিতে শুল্কছাড়, ভ্যাট আইনে অনুমোদন

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধার আওতায় এইচএস কোড ০৮০৫১০৯০-এর অরেঞ্জ (মাল্টা) এবং ০৮০৮১০৯০-এর আপেল আমদানি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন করের (মূসক) দাখিলপত্র জমার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছিল। এতে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।

সংসদের অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। অধ্যাদেশের মাধ্যমে প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা হয়।

জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়াটিতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ