ATN News
শিরোনাম
  •  

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তার দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

         
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তার দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তার দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে তার ব্যক্তিগত দায় হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাহিনী কোনো দায় নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অবস্থান জানান।

সিএমপি কমিশনার বলেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে পুরো পুলিশ বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মামলার বিষয়ে কমিশনার জানান, গত শনিবার একটি মামলার এজাহার সিএমপিতে আসে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন গ্রহণ করা হয়। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে বলে জানান কমিশনার।

এদিকে, এসপি জাহাঙ্গীর আলমের দুটি মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।

ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বর্তমানে সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ