ATN News
শিরোনাম
  •  

মেঘনা সেতু এলাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল কুরিয়ারকর্মী ছোটনের

         
মেঘনা সেতু এলাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল কুরিয়ারকর্মী ছোটনের

মেঘনা সেতু এলাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল কুরিয়ারকর্মী ছোটনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন আহমেদ সোনারগাঁ এলাকার বাসিন্দা। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের পণ্য সরবরাহের কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহ করতে যাচ্ছিলেন ছোটন। পথে মেঘনা সেতু এলাকায় একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছোটনকে হাসপাতালে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, ছোটন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। দুপুরে কুরিয়ারের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেঘনা সেতু এলাকায় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, নিহত ব্যক্তি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করতেন। মেঘনা সেতু এলাকায় অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার স্বজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা থানায় এসে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ