ATN News
শিরোনাম
  •  

কারিনার পর এবার দীপিকাকে ঘিরে বিতর্ক, গলায় আরবি লেখা হার

         
কারিনার পর এবার দীপিকাকে ঘিরে বিতর্ক, গলায় আরবি লেখা হার

কারিনার পর এবার দীপিকাকে ঘিরে বিতর্ক, গলায় আরবি লেখা হার

ধর্মীয় বাণীসংবলিত অলংকার ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের লকেট ঘিরে বিতর্কের রেশ না কাটতেই এবার সামনে এসেছে দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা বিশেষ একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন দীপিকা। ওই আয়োজনে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক ও অলংকারে সজ্জিত হয়েছিলেন অভিনেত্রী। তার সাজের অন্যতম আকর্ষণ ছিল ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস।

মূল্যবান রত্ন ও আনকাট হীরায় তৈরি এই গয়নাটিতে আরবি বাক্যটি খোদাই করা হয়েছিল। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অন্তর্ভুক্ত নকশাটিতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক শৈলীর সমন্বয় ঘটানো হয়। সে সময় ছবিটি প্রকাশ পেলেও বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য কোনো বিতর্ক তৈরি হয়নি।

সম্প্রতি কারিনা কাপুরের একটি লকেটে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর দীপিকার পুরোনো ছবিটিও নতুন করে আলোচনায় এসেছে।

২০২৬ সালের দীপাবলি উদ্‌যাপনে ৩০ ক্যারেটের পান্নাখচিত একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। অলংকারটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। তার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, এটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।

তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের ব্যবহারে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কারিনার পক্ষে অবস্থান নিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কারিনা কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কারিনাকে ঘিরে সাম্প্রতিক আপত্তির পর দীপিকার পুরোনো ছবিটি সামনে আসায় ধর্মীয় বাণীসংবলিত গয়নার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ তৈরি হয়েছে। ব্যক্তিগত রুচি, সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি নিয়েও চলছে আলোচনা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ