ATN News
শিরোনাম
  •  

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

         
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে চার সদস্যের যৌথ তদন্ত কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। সেখানে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

কমিটির আহ্বায়ক জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠনের পর শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান কমিটি প্রধান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অবস্থান করছিলেন।

তদন্ত কমিটির আহ্বায়ক কুষ্টিয়া স্থানীয় বিভাগের উপ-পরিচালক বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ও তার পরিবারের দাবি পতিত আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে পেট্রোল বোমা হামলা করায় এ অগ্নিকাণ্ড হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ