ATN News
শিরোনাম
  •  

সংগীতাঙ্গনে শোক, চলে গেলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী

         
সংগীতাঙ্গনে শোক, চলে গেলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী

সংগীতাঙ্গনে শোক, চলে গেলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী

‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী। স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নব্বইয়ের দশক থেকে সংগীতজগতে সক্রিয় ছিলেন শেখ সাহেদ আলী। ‘গাছ’ ব্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন তিনি। শ্রোতাদের কাছে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিতি ছিল তার।

তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘প্রভু’। পরবর্তী সময়ে তার আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়।

সংগীতজীবনে দীর্ঘ ১১ বছরের সাধনায় ২৪টি নতুন গান তৈরি করেছিলেন এই শিল্পী। সেগুলো প্রকাশের পরিকল্পনাও ছিল। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে গানগুলো প্রকাশের কথা থাকলেও অসুস্থতার কারণে সেই আয়োজন আর বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত নতুন সৃষ্টিগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আগেই থেমে গেল তার জীবনযাত্রা।

অসংখ্য গান, সৃষ্টিশীলতা ও শ্রোতাদের ভালোবাসার মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন শেখ সাহেদ আলী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ