ATN News
শিরোনাম
  •  

বিদ্যুৎবিহীন এলাকায় আলোর সম্ভাবনা নিয়ে সোলার বাংলাদেশ এক্সপোতে সাকুরা

         
বিদ্যুৎবিহীন এলাকায় আলোর সম্ভাবনা নিয়ে সোলার বাংলাদেশ এক্সপোতে সাকুরা

বিদ্যুৎবিহীন এলাকায় আলোর সম্ভাবনা নিয়ে এক্সপোতে সাকুরা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এতে আধুনিক ও সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিপণ্য নিয়ে অংশগ্রহণ করে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকুরা গ্রিন এনার্জি। হল-১-এর ৭ নম্বর স্টলে প্রতিষ্ঠানটির প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য দেখতে ভিড় করছেন ক্রেতা ও আগ্রহীরা।

প্রদর্শনীতে সাকুরার উল্লেখযোগ্য পণ্যের তালিকায় রয়েছে সোলার প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি এবং এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস)। এসব প্রযুক্তির মাধ্যমে নগরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম, দুর্গম চর ও পাহাড়ি জনপদের বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত মানুষের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

স্টলটির বিশেষ আকর্ষণ ‘সাকুরা আলো কিট’ (এসপিএস-৫০০)। ৫০০ ওয়াটের সোলার প্যানেলসংবলিত এই প্যাকেজে রয়েছে লাইট, ফ্যান, মোবাইল ফোন চার্জিং ও টেলিভিশন চালানোর সুবিধা। বিদ্যুৎ সংযোগহীন কিংবা সীমিত সরবরাহের এলাকায় দৈনন্দিন চাহিদা পূরণে পণ্যটি কার্যকর বিকল্প হতে পারে।

এ ছাড়া বহনযোগ্য ‘সাকুরা পাওয়ার বক্স’ দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘বিকোডি’র প্রযুক্তিতে তৈরি হাইব্রিড ইনভার্টারও প্রদর্শন করছে সাকুরা গ্রিন এনার্জি।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি মুসা কালিমুল্লাহ কিসলু বলেন, বিশ্বমানের সাকুরা পণ্য সাশ্রয়ী মূল্যে দেশের প্রতিটি ঘর ও প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী হওয়ায় ভবিষ্যতের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় এর কোনো বিকল্প নেই।

সাকুরা গ্রিন এনার্জির চীন প্রতিনিধি অ্যামি লউ বলেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎ পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও ব্র্যান্ডের পণ্য না কেনার কারণে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি না পাওয়ায় তাদের নানা সমস্যায় পড়তে হয়। এই ঘাটতি পূরণে নির্ভরযোগ্য পণ্য সরবরাহের পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি নিশ্চিত করতে কাজ করবে সাকুরা গ্রিন এনার্জি।

গ্লোবাল ইউএসএ আয়োজিত এ প্রদর্শনী আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে নবায়নযোগ্য জ্বালানি খাতের দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি, উদ্ভাবন ও পণ্য তুলে ধরছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ


অন্যান্য সংবাদ