ATN News
শিরোনাম
  •  

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

         
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইরানে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ‘এই মুহূর্তেই’ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলায় সামরিক শক্তি প্রয়োগ করতে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাঁর কোনো দ্বিধা নেই। পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

ট্রাম্প দাবি করেন, গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি এবং পারস্য উপসাগরের ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

ইরানের বর্তমান শাসনব্যবস্থা ভেঙে না পড়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ছে। দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মুদ্রাস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে এবং সরকার সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ঘটনাচক্রে বৃহস্পতিবার সালেম নিউজে ট্রাম্প যখন এই সাক্ষাৎকার দিয়েছেন, তার কয়েক ঘণ্টার পরেই শুক্রবার ভোরের দিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভেঙেছে আইআরজিসি।

সূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ