ATN News
শিরোনাম
  •  

ডায়াবেটিস সচেতনতা বাড়াতে অপসোনিন ফার্মার সহযোগিতায় ফোকাস গ্রুপ ডিসকাশন

         
ডায়াবেটিস সচেতনতা বাড়াতে অপসোনিন ফার্মার সহযোগিতায় ফোকাস গ্রুপ ডিসকাশন

ডায়াবেটিস সচেতনতা বাড়াতে অপসোনিন ফার্মার সহযোগিতায় ফোকাস গ্রুপ ডিসকাশন

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও সময়মতো চিকিৎসার বিকল্প নেই। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখসহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। এ কারণে রোগটি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য Early action on diabetes বা ডায়াবেটিসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ। প্রতিপাদ্যের মাধ্যমে রোগ শনাক্ত, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুরু থেকেই সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জনসচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে ফোকাস গ্রুপ ডিসকাশনের আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ আলোচনায় চিকিৎসক, বিশেষজ্ঞ ও সরকারের নীতিনির্ধারকরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের মতে, সময়মতো রোগ শনাক্ত করা গেলে পরবর্তী জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবা সহজলভ্য করাও জরুরি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য অনুযায়ী, বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের একজন এ রোগে ভুগছেন। তাঁদের বড় একটি অংশ জানেন না, তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। সংস্থাটির হিসাবে, দেশে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াবেটিস ছিল। তাঁদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের রোগ শনাক্ত হয়নি। এ সংখ্যা ২০৫০ সাল নাগাদ ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডায়াবেটিসের প্রধান দুই ধরন টাইপ ওয়ান ও টাইপ টু। টাইপ ওয়ান ডায়াবেটিসে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে টাইপ টু ডায়াবেটিসে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়। বিশ্বে ডায়াবেটিস রোগীদের বড় অংশই টাইপ টুতে আক্রান্ত। চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্‌রোগ, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ুর ক্ষতির ঝুঁকি বাড়ায়। তাই রোগ শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন বলেন, হৃদ্‌রোগের অন্যতম বড় ঝুঁকির কারণ ডায়াবেটিস। তাঁর মতে, শরীরের এমন কোনো অঙ্গ নেই, যা ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের প্রভাব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। তাই রোগটি শনাক্ত হওয়ার পর থেকেই নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না রেখে কোনো অস্ত্রোপচার করা যায় না। অস্ত্রোপচারের আগে রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি রোগীদেরও সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিয়মিত সুগার পরীক্ষা করার ওপর গুরুত্ব দেন তিনি।

বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. ফারিয়া আফসানা সাধারণ মানুষকে আগেভাগে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবারই ডায়াবেটিস স্ক্রিনিং করা জরুরি। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাঁদের নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে। শুধু রোগ শনাক্ত করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম প্রতিটি স্কুলে ডায়াবেটিস স্ক্রিনিং কার্যক্রম চালুর ওপর জোর দেন। তিনি বলেন, স্কুল পর্যায়ে শিশু-কিশোরদের ডায়াবেটিস শনাক্ত ও চিকিৎসার আওতায় আনা গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এর সুফল পাবে। শিশুদের মধ্যে রোগটির ঝুঁকি শুরুতেই শনাক্ত করা গেলে জটিলতা এড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করার সুযোগ তৈরি হবে।

ফোকাস গ্রুপ ডিসকাশনে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। তিনি জানান, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা ও প্রাথমিক ধারণা যুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে।

ফোকাস গ্রুপ ডিসকাশনের সহযোগী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের পণ্য ব্যবস্থাপনা বিষয়ক সরকারী ব্যবস্থাপক মো. শাহারিয়ার রেজা, অনুষ্ঠান শেষে এটিএন নিউজকে বলেন, বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসার প্রায় সব ধরনের ওষুধ এখন সহজলভ্য। ওষুধ সরবরাহে প্রতিষ্ঠানটির শক্তিশালী বিতরণব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। তবে শুধু ওষুধের প্রাপ্যতা দিয়ে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সাধারণ মানুষের সচেতনতাই এ ক্ষেত্রে সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি। এ লক্ষ্যেই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে অপসোনিন ফার্মা লিমিটেড।

বিশেষজ্ঞদের পরামর্শ, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি। যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও নিয়মিত ফলোআপ চালিয়ে যেতে হবে। সচেতনতা, দ্রুত রোগ শনাক্ত এবং ধারাবাহিক চিকিৎসার মাধ্যমেই ডায়াবেটিসজনিত জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ