ATN News
শিরোনাম
  •  

মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্বে পরিবর্তন, পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন

         
মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্বে পরিবর্তন, পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন

মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্বে পরিবর্তন, পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন

প্রযুক্তি জায়ান্ট মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্বে পরিবর্তন আসছে। দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালনের পর বিভাগটির প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভ ব্রাউন। তবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মেটাতেই থাকছেন জনার্ধন

মেটার পক্ষ থেকে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের শুরুতে অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়া ব্রাউনের আগে অ্যামাজনে প্রায় ১৯ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেখানে ক্লাউড কম্পিউটিং, প্রযুক্তিগত অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছেন তিনি।

দায়িত্ব হস্তান্তরের পরপরই মেটা ছাড়ছেন না জনার্ধন। মেটার ‘কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি ছাড়তে পারেন জনার্ধন।

২০০৯ সালে মেটায় যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনার্ধন। অবকাঠামো বিভাগের প্রধানের পাশাপাশি প্রকৌশল বিভাগের সহপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্প্রতি তাঁর পদ ছাড়ার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। তবে পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্মারকলিপিতে উল্লেখ করা হয়নি।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। বিশেষ করে ডেটা সেন্টার সম্প্রসারণ, কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি এবং এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ভিত্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জনার্ধনকে ‘মেটা কম্পিউট’ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই উদ্যোগের আওতায় ভবিষ্যতের এআই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা ও ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নতুন দায়িত্বে ডেভ ব্রাউন এসব কার্যক্রমের ব্যবস্থাপনা ও সম্প্রসারণের নেতৃত্ব দেবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ


অন্যান্য সংবাদ