ATN News
শিরোনাম
  •  

বিটিএসের জিমিন সেজে প্রেমের ফাঁদ, ৫২ হাজার ডলার হাতিয়ে নিল প্রতারক

         
বিটিএসের জিমিন সেজে প্রেমের ফাঁদ, ৫২ হাজার ডলার হাতিয়ে নিল প্রতারক

বিটিএসের জিমিন সেজে প্রেমের ফাঁদ, ৫২ হাজার ডলার হাতিয়ে নিল প্রতারক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীত দল বিটিএসের সদস্য জিমিনের পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে এক ব্রাজিলীয় নারীর কাছ থেকে ৫২ হাজার মার্কিন ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চার মাস ধরে প্রেমের অভিনয়ের মাধ্যমে ৬৮ বছর বয়সী ওই অবসরপ্রাপ্ত নারীর বিশ্বাস অর্জন করে প্রতারক। পরে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় বিপুল অর্থ।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলো শহরে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ডিয়ারিও দে পেরনামবুকোর বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএস তারকার পরিচয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে অভিযুক্ত ব্যক্তি। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেন ভুক্তভোগী।

প্রতারণার কৌশল হিসেবে তাকে দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে জানানো হয়, উপহারগুলো ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে রয়েছে। সেগুলো ছাড়িয়ে নিতে শুল্ক ও অন্যান্য খরচ বাবদ অর্থ পরিশোধ করতে হবে। প্রিয় তারকার কাছ থেকে উপহার পাওয়ার আশায় কয়েক দফায় টাকা পাঠান ওই নারী। এমনকি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ব্যাংক থেকে ঋণও নেন তিনি।

সব মিলিয়ে প্রায় তিন লাখ ব্রাজিলীয় রিয়াল হারিয়েছেন ওই অবসরপ্রাপ্ত নারী। এর পরিমাণ মার্কিন মুদ্রায় ৫২ হাজার ডলারের বেশি।

একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি ব্লক করেন তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে সাও পাওলোর সিভিল পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছেন তদন্তকারীরা।

প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, এ ঘটনার সঙ্গে বিটিএস সদস্য জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তার নাম ও ছবি ব্যবহার করে তৃতীয় পক্ষের কেউ প্রতারণার ঘটনাটি ঘটিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ