ATN News
শিরোনাম
  •  

নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

         
নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দলকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।

চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ফেডারেশন জানায়, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’

এর আগে গত মাসে কাতার ভ্রমণসংক্রান্ত সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় দেশটির নাগরিকদের মধ্যপ্রাচ্যের এই দেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের হামলার আশঙ্কার বিষয়টিও তুলে ধরা হয়েছিল।

সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের এই প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনেগ্রো, আলজেরিয়া ও চিলি। ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল তাদের।

গত আসরেও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় দলটি। ফিফার পরিকল্পনা অনুযায়ী,আগামী ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ