ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সাউন্ড গ্রেনেডে স্বাভাবিক যান চলাচল

         
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সাউন্ড গ্রেনেডে স্বাভাবিক যান চলাচল

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সাউন্ড গ্রেনেডে স্বাভাবিক যান চলাচল

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকদের সরাতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়, তবে কিছুটা ধীরগতি রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরিসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সকাল ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

এ সময় শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও ধাওয়া দেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সরে গেলে সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া জরুন এলাকায়ও শ্রমিকদের অবস্থান নেওয়ার চেষ্টা ছিল। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকে কর্মজীবী মানুষ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ