ATN News
শিরোনাম
  •  

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম, মন্ত্রণালয় অনুমোদন দিলেই চুক্তি

         
থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম, মন্ত্রণালয় অনুমোদন দিলেই চুক্তি

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম, মন্ত্রণালয় অনুমোদন দিলেই চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে কনসোর্টিয়ামের দেওয়া প্রস্তাব ও শর্তাবলি অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। পরবর্তী অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চুক্তি সম্পাদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

গত মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রয় প্রস্তাবের সঙ্গে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্রও পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিপোর্ট, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতের ডনাটা এবং সিঙ্গাপুরের স্যাটসের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে জাপানি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে চুক্তির বিভিন্ন শর্তে সরকারের দেওয়া ছাড়, রাজস্বের অংশীদারত্ব এবং রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

বেবিচক সূত্র জানায়, জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবের চারটি শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো রাজস্ব ভাগাভাগি। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি অপারেটরের কাছ থেকে বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতি ও কমিশনিং ট্রায়াল (ওপিসিটি) চলাকালে আট মাসের জন্য মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে জাপানি পক্ষ। এতে ওই সময়ের জন্য রাজস্বের অংশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি সামনে এসেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়দায়িত্ব। প্রস্তাব অনুযায়ী, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সার্বিক দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। তবে এ কার্যক্রম থেকে আয়ের অংশ কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে সরকারের নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

চুক্তির আইনি সুরক্ষার বিষয়েও দুই পক্ষের অবস্থানে পার্থক্য রয়েছে। জাপানি কনসোর্টিয়াম বাংলাদেশের আইন পরিবর্তন বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তির সুবিধা চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে বাংলাদেশের অবস্থান হলো, বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সরকার সাধারণভাবে কোনো আইন প্রণয়ন বা বিদ্যমান আইন সংশোধন করলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দেশের সাধারণ আইনগত কাঠামোর বাইরে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সরকারের আপত্তি রয়েছে।

এ ছাড়া প্রকল্পের নির্মাণগত ত্রুটি শনাক্ত ও সংশোধনের জন্য নির্ধারিত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাস রাখার বিষয়টিও চুক্তির আলোচনায় এসেছে।

থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব ঘিরে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে শাহজালাল বিমানবন্দরের আশপাশে প্রতিযোগী বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সীমিত রাখার শর্ত। প্রস্তাবিত শর্ত অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যাবে না।

একই সঙ্গে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার বিষয়েও সম্মতি দেওয়ার কথা জানা গেছে। এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়।

কমিটির আলোচনায় বলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে এসব অবকাঠামোর ভবিষ্যৎ ব্যবহার কীভাবে নিশ্চিত করা হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকায় বিষয়টি নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের স্বার্থবিরোধী একটা চুক্তি হলো। থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অফ করে দেওয়ার মতো জটিল শর্ত মেনে নিয়ে এমন চুক্তিতে না গিয়ে বরং বেবিচকের অর্গানোগ্রাম সংশোধন করে জনবল বাড়ানো হলে বেবিচকই রাজস্ব পেত। এখন জাপানই লাভবান হবে।

এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে শাহজালালের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। জটিল এসব শর্তে দেশ উপকৃত হবে না। বরং চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া দরকার।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। সরকারও এমন ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে। এজন্য সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেনসের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন (সফট লঞ্চিং) করা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পের শুরুতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করার সময় এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ার কারণে দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একনেক সভায় তৃতীয় সংশোধনীতে আরো ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়, যার ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ