ATN News
শিরোনাম
  •  

দীর্ঘ বিরতি কাটিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন ব্রাইডন কার্স

         
দীর্ঘ বিরতি কাটিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন ব্রাইডন কার্স

দীর্ঘ বিরতি কাটিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন ব্রাইডন কার্স

দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন পেসার ব্রাইডন কার্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের মূল স্কোয়াডে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে এই ডানহাতি পেসারের।

ইংল্যান্ডের টেস্ট দলের পেসার জশ টাং সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কার্সকে বিবেচনা করতে পারে নির্বাচকরা।

গত আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ডার্বিশায়ার পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় পুলিশের তদন্ত শেষ হলেও ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ঘটনার পর থেকে ইংল্যান্ডের কোনো জাতীয় দলে সুযোগ পাননি এই পেসার। যদিও ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ থেকে কিছুটা দূরে রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়ে এত দিন তাকে জাতীয় দলের বাইরে রেখেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

লায়ন্সের দল ঘোষণার পর নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘ব্রাইডনের জন্য সময়টা বেশ কঠিন ছিল। সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তাতে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ তার কিংবা আমাদের জন্য উপযুক্ত মনে হয়নি। এ সময়ে তার সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এখন আমরা মনে করছি, সে ইংল্যান্ডের পরিবেশে ফেরার মতো অবস্থায় আছে। আর লায়ন্স দলই তার ফেরার জন্য উপযুক্ত জায়গা।’

লায়ন্সের হয়ে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন কার্স। জশ টাংয়ের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মূল দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে। তবে শেষ পর্যন্ত নির্বাচকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার প্রত্যাবর্তন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ