ATN News
শিরোনাম
  •  

মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২

         
মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের (সিপিসি-২) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মাসেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যান থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।

এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য দেশে নিয়ে আসার কথা জানিয়েছেন বলে জানিয়েছে এসআরবি। পরে এসব পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করা হতো বলে জানা গেছে।

এ ঘটনায় উদ্ধার করা পণ্য ও গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে, দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ