ATN News
শিরোনাম
  •  

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় সেই মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

         
নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় সেই মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় সেই মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। তৎকালীন র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।

এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যাওয়ার তথ্য পাওয়া যায়।

তদন্ত শেষে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। তবে আদালত তার সেই আবেদন গ্রহণ করেননি।

বুধবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ