ATN News
শিরোনাম
  •  

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

         
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার (১১ নভেম্বর) সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কিছুক্ষণ পরই তারা কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বেশ কিছু পোশাক কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ