ATN News
শিরোনাম
  •  

ঝালকাঠিতে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত নানি

         
ঝালকাঠিতে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত নানি

ঝালকাঠিতে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত নানি

ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভিমরুলের আক্রমণে রেদোয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে তার নানিও ভিমরুলের হুলের আঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে। সকালে মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির দক্ষিণ পাশের উঠানে খেলছিল রেদোয়ান। একপর্যায়ে সে একটি ভিমরুলের বাসার কাছে চলে গেলে একাধিক ভিমরুল তাকে আক্রমণ করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটে।

শিশুটির চিৎকার শুনে তার নানি জোসনা বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নাতিকে উদ্ধারের চেষ্টা করার সময় তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।

পরে রেদোয়ানকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি.এম. মেহেদী হাসান (সানি) বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। একাধিক ভিমরুলের হুলের তীব্র বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ