ATN News
শিরোনাম
  •  

ঝালকাঠিতে জৈব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য

         
ঝালকাঠিতে জৈব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য

ঝালকাঠিতে জৈব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য

রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে লাউ চাষ করে সাফল্যের মুখ দেখছেন ঝালকাঠির কৃষক কামরুল ইসলাম। উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণ করে উৎপাদিত লাউ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বছরে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করার প্রত্যাশা করছেন এই কৃষক।

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীসংলগ্ন রুপসিয়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন। শুরুতে মৌসুমি ফসল চাষ করে সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেলেও লাউ চাষে ভালো ফলন ও লাভ পাওয়ায় ধীরে ধীরে এ চাষের পরিধি বাড়ান। বর্তমানে লাউ চাষই তার আয়ের অন্যতম প্রধান উৎস।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে লাউ চাষ করেছেন। এ চাষে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য নেওয়া হচ্ছে গভীর নলকূপের পানি। কীটপতঙ্গ দমনে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ।

কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে পরিবেশবান্ধব চাষাবাদের বিভিন্ন কৌশল শেখেন কামরুল। পরে সেসব পদ্ধতি নিজের জমিতে প্রয়োগ করে ইতিবাচক ফল পান। এতে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলনও পাচ্ছেন তিনি।

কামরুল ইসলাম জানান, আগে মৌসুমি ফসল চাষ করে সংসার চালানো কঠিন ছিল। লাউ চাষ শুরু করার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ফলনও ভালো হচ্ছে। নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করতে পেরে তিনি সন্তুষ্ট।

ইতোমধ্যে তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। এখনো গাছে ঝুলছে ৩০০টির বেশি লাউ। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা এসে লাউ কিনছেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি নিজেও বাজারে নিয়ে সবজি বিক্রি করেন তিনি। তার লাউক্ষেতে নিয়মিত কাজ করছেন দুইজন শ্রমিক।

কৃষক কামরুলের আশা, বড় ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করা সম্ভব হবে। ভবিষ্যতে চাষের পরিধি আরও বাড়াতে প্রায় ১০ বিঘা জমি প্রস্তুতের পরিকল্পনা করছেন তিনি।

ক্ষেত থেকে লাউ কিনতে আসা ক্রেতা ইয়াসিন বলেন, সরাসরি ক্ষেত থেকে টাটকা লাউ কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউবাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়।

তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি।

স্থানীয়রা মনে করছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ শুধু একজন কৃষকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে না, বরং ঝালকাঠিতে নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এ পদ্ধতিতে লাউ চাষ আরও সম্প্রসারিত হতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ