ATN News
শিরোনাম
  •  

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক দুই যুবক

         
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক দুই যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক দুই যুবক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বগিটির কয়েকটি আসন পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে মোরছালিন ও রনিকে আটক করে। ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ