ATN News
শিরোনাম
  •  

শোবিজ অঙ্গনে ফালতুদের জয়জয়কার, আক্ষেপ শবনম ফারিয়ার

         
শোবিজ অঙ্গনে ফালতুদের জয়জয়কার, আক্ষেপ শবনম ফারিয়ার

শোবিজ অঙ্গনে ফালতুদের জয়জয়কার, আক্ষেপ শবনম ফারিয়ার

ঢাকাই শোবিজে কাজের পরিধি কমে আসার পাশাপাশি শিল্পীদের অভিনয় ও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

দেশে গুণী ও প্রতিভাবান অভিনেত্রীর অভাব নেই। তবে অভিনয়দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে যারা দর্শকের প্রশংসা পাওয়ার যোগ্য, তাদের নিয়ে তুলনামূলকভাবে আলোচনা কম হয়।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে তাদের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে শোবিজ অঙ্গনে আলোচনার ধরন নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

পোস্টের শুরুতেই জয়া আহসানের কথা উল্লেখ করেন ফারিয়া। অভিনয়দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি তার ব্যক্তিগত পছন্দ ও শখের বিষয়গুলোও তুলে ধরেন। বিশেষ করে ব্যাগ, ঘড়ি ও জামদানি সংগ্রহের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি।

এরপর সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করে ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ‘কলিংবেল’ সিরিজে একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে তাকে স্বল্পভাষী ও অসাধারণ অভিনয়শিল্পী হিসেবে অভিহিত করেন।

নিজের সমসাময়িক একজন অভিনেত্রীকে ঈর্ষা করেন ফারিয়া, তিনি মৌসুমী হামিদ। তার ভাষায়, এই অভিনেত্রীর অভিনয় দেখলে নিজেরও তার মতো অভিনয় করতে ইচ্ছা হয়। পরিশ্রম ও সহজাত অভিনয়দক্ষতার জন্যও তার প্রশংসা করেন তিনি।

নাজিয়া হক অর্ষার অভিনয়শৈলী নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বিশেষ করে চোখের অভিব্যক্তির মাধ্যমে চরিত্রের অনুভূতি প্রকাশের ক্ষমতাকে অর্ষার অভিনয়ের অন্যতম শক্তি বলে মনে করেন তিনি। একটি নাটকে শিডিউল জটিলতার কারণে কাজ করতে না পারার স্মৃতিও তুলে ধরেন। পরে সেই চরিত্রে অর্ষার অভিনয় দেখে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হওয়ার কথাও জানান।

এছাড়াও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু, নাজিফা তুষিদের নামও উল্লেখ করেছেন ফারিয়া। তার মতে, এসব অভিনেত্রী ভীষণ ভালো অভিনয় করেন। এবং নিজেদের ব্যক্তিত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন।

পোস্টের শেষাংশে শোবিজ অঙ্গনে শিল্পীদের মূল্যায়নের ধরন নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ফারিয়ার মতে, দামি পোশাক, বিদেশ ভ্রমণ কিংবা ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে যতটা আলোচনা হয়, অভিনয় ও শিল্পীদের কাজ নিয়ে ততটা আগ্রহ দেখা যায় না।

তিনি আক্ষেপ করে লেখেন, দেশে ভালো অভিনয় করেন, মার্জিতভাবে কথা বলেন এবং নিজস্ব ব্যক্তিত্ব বজায় রাখেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাদের কাজের পরিবর্তে অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মাতামাতি করা হয়। ফলে অনেকের ধারণা তৈরি হয়েছে, শোবিজে যেন শুধু অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে আলোচনায় থাকা ব্যক্তিদেরই জয়জয়কার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ