ATN News
শিরোনাম
  •  

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ সরকারের

         
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ সরকারের

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ সরকারের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) তো কেবল সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক চ্যানেলে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। ফলে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

তিনি আরও বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হলেও সরকার মনে করে, বিদ্যমান চুক্তি ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব।

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে উপদেষ্টা জানান, ভারতের দিল্লিতে একটি ল’ ফার্মের মাধ্যমে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ এবং যথাসময়ে তা সম্পন্ন হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ