ATN News
শিরোনাম
  •  

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ জন

         
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ জন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কেউ কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন আবার কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন। মাদ্রাসার শিক্ষকরাও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ আবার শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আরও রোগী হাসপাতালে আসতে পারেন বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতির শিকার হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ