ATN News
শিরোনাম
  •  

আইজিপির সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকের বৈঠক

         
আইজিপির সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকের বৈঠক

আইজিপির সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকের বৈঠক

বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। এ সময় তাঁরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাতে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ মোকাবিলায় যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়টি আলোচনায় স্থান পায়।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ধরনের সহযোগিতা দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ