ATN News
শিরোনাম
  •  

লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার: ২

         
লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার: ২

বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার আসামিসহ ২

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ২, উদ্ধার স্বর্ণালংকার ও হত্যার আলামত।

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ভারতে পালাতে সহায়তাকারী সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোন, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ইনজেকশনের খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর মো. হান্নান গাজী (৬৪)।

সিআইডি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর যশোরের মনিরামপুর উপজেলার মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে ছায়া তদন্ত শুরু করে। পরে স্বজন ও স্থানীয়দের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হয়। নিহত ব্যক্তি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের রঞ্জন মণ্ডল (৬০)।

তদন্তে জানা যায়, ৬ নভেম্বর দুপুর ১২টার পর তিনি কাটাখালী বাজারে স্থানীয় পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। বিকেল ৪টার দিকে তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়। পরে মরা দেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে বহন করে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর সহযোগীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন প্রধান অভিযুক্ত।

গোপন তথ্যের ভিত্তিতে সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পরবর্তী সময়ে গ্রেফতারকৃত প্রধান আসামির দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, আংটি, স্মার্টফোন এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া কাটাখালী বাজারে তাঁর দোকান থেকে ইনজেকশন প্রয়োগে ব্যবহৃত খালি অ্যাম্পুল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল (৩৮) বাদী হয়ে ৮ নভেম্বর মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩০২/২০১/৩৪ ধারায় নথিভুক্ত করা হয়েছে। একই দিন গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ