ATN News
শিরোনাম
  •  

বিশ্বকাপের নায়ক এবার ক্লাবেও চ্যাম্পিয়ন

         
বিশ্বকাপের নায়ক এবার ক্লাবেও চ্যাম্পিয়ন

বিশ্বকাপের নায়ক এবার ক্লাবেও চ্যাম্পিয়ন

একটি সেভ কখনো কখনো গোলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চিলির ক্লাব ফুটবলে তেমনই এক মুহূর্তের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।ম্যাচের ৯৭ মিনিটে নুবলেনসের নিশ্চিত গোল ঠেকিয়ে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, কোলো কোলোর লিগ শিরোপা জয়ের উৎসবও পূর্ণতা দিয়েছেন তিনি। বিশ্বকাপে আলো ছড়ানোর পর এবার ক্লাব ফুটবলেও শিরোপার স্বাদ পেলেন এই গোলকিপার।

রোববার নুবলেনসের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটির ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। আর কোলো কোলোর হয়ে ভোজিনিয়ার ক্যারিয়ারের প্রথম ট্রফি।

ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের কর্নার থেকে গোল করে কোলো কোলোর হয়ে এগিয়ে যান আরতুরো ভিদাল। সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গো তারকার গোলে লিড নেয় সফরকারীরা। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নুবলেনস।

ম্যাচের নাটকীয়তা চূড়ান্ত রূপ নেয় যোগ করা সময়ে। জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে গোল করে কোলো কোলোর জয় নিশ্চিত করেন মার্কোস বোলাদোস। এরপর ৯৭ মিনিটে প্রতিপক্ষের শেষ আক্রমণ থেকে আসা নিশ্চিত গোল দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ভোজিনিয়া। তাঁর সেই সেভেই নিশ্চিত হয় ২-১ গোলের জয় এবং শিরোপা উৎসব।

২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে কোলো কোলো। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির সংগ্রহ ৫১ পয়েন্ট। দুই দলের ব্যবধান ১০ হওয়ায় বাকি তিন ম্যাচের ফল আর শিরোপার ভাগ্য পরিবর্তন করতে পারবে না।

শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভোজিনিয়া বলেন, ‘এটা আমার জীবনের, আমার ক্যারিয়ারের এত দিনের সব অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি।’ ঐতিহাসিক এই অর্জন পরিবার ও নিজের মাতৃভূমি কেপ ভার্দেকে উৎসর্গ করেছেন তিনি।

আগামী মৌসুমে কোলো কোলোর হয়ে কোপা লিবার্তাদোরেস খেলবেন কি না, সে বিষয়ে এখনই ভাবতে চান না ভোজিনিয়া। তাঁর ভাষায়, ‘আজ উদ্‌যাপনের দিন। ভবিষ্যৎ নিয়ে পরে কথা হবে। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’

গত কয়েক মাসে ভোজিনিয়ার জীবন অনেকটাই রূপকথার মতো বদলে গেছে। ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব ফুটবলের নজর কাড়েন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল মাত্র ৫০ হাজার। ওই ম্যাচের পর কয়েক ঘণ্টার মধ্যেই অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছায়। বর্তমানে তার অনুসারী ২ কোটি ৭৫ লাখ। অ্যাডিডাস, পেপসি ও রেড বুলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায়ও যুক্ত হয়েছেন তিনি। ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের ভোটে ষষ্ঠ স্থান অর্জন করেন।

বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগে খেলতেন এই গোলরক্ষক। বিশ্বকাপের সাফল্যের পর জুলাইয়ের শেষ দিকে চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হন। তাঁর যোগদান উপলক্ষে এসতাদিও মনুমেন্তালে আতশবাজি ও হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয়েছিল জমকালো পরিচিতি অনুষ্ঠান।

তবে ক্লাবে যোগ দেওয়ার পর নিয়মিত একাদশে জায়গা পাননি তিনি। সম্ভাব্য ১৫ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ছয়টিতে। দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে রয়েছেন ১৯ বছর বয়সী চিলিয়ান গ্যাব্রিয়েল মাওরেইরা। এমনকি বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্লদিও ব্রাভোও তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

কোলো কোলোর সঙ্গে ভোজিনিয়ার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। শিরোপা জয়ের পথে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্লাবে তাঁর অবস্থান আরও শক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

লিগের বাকি তিন ম্যাচের মধ্যে নিজেদের মাঠে ইউনিভার্সিদাদ কাতোলিকা ও লা সেরেনার মুখোমুখি হবে কোলো কোলো। অন্য ম্যাচটি খেলবে কোব্রেসালের মাঠে। মৌসুম শেষে ভোজিনিয়ার ভবিষ্যৎ নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসবে ক্লাব কর্তৃপক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ