ATN News
শিরোনাম
  •  

দুই দিনে কোটি ভিউয়ের মাইলফলক, ‘মন দুনিয়া’ নিয়ে দর্শকদের এত আগ্রহ কেন?

         
দুই দিনে কোটি ভিউয়ের মাইলফলক, ‘মন দুনিয়া’ নিয়ে দর্শকদের এত আগ্রহ কেন?

দুই দিনে কোটি ভিউয়ের মাইলফলক, ‘মন দুনিয়া’ নিয়ে দর্শকদের এত আগ্রহ কেন?

ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নির্মাতা ইমরাউল রাফাতের নাটক ‘মন দুনিয়া’। দ্রুততম সময়ে কোটি ভিউয়ের এই সাফল্যে নতুন করে আলোচনায় এসেছেন নাটকটির অভিনয়শিল্পী ও নির্মাতারা। প্রতিবেদন লেখার সময় নাটকটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২৬ লাখ।

৬ নভেম্বর দুপুরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। ভিউয়ের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছে ‘মন দুনিয়া’। নাটকটিতে ইতোমধ্যে ১ লাখ ১৮ হাজারের বেশি লাইক এবং সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্র আবির ও তুলির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। বিশ্ববিদ্যালয়জীবনের বন্ধুত্ব, ভালোবাসা, আত্মত্যাগ এবং পারিবারিক বাধার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

গল্পের শুরু বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনকে ঘিরে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির। সেই সূত্রেই সহপাঠী তুলির সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব। একই বন্ধুমহলের রাতুল যখন তুলিকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেয়, তখন গল্পে আসে নতুন মোড়। রাতুলের প্রস্তাব প্রত্যাখ্যান করে তুলি জানায়, সে ভালোবাসে আবিরকে।

কিন্তু বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। এরপর দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

‘মন দুনিয়া’ নাটকটি এসেছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। বলা হচ্ছে, সবচেয়ে দ্রুত সময়ে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে এটি।

এই অর্জনে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা-শিল্পীরা। প্রযোজক জানিয়েছেন, এবার তাদের লক্ষ্য এক দিনেই নাটকের এক কোটি ভিউ অর্জন করা।

‘মন দুনিয়া’র গল্প ও চিত্রনাট্য অভ্র মাহমুদের। এতে তৌসিফ-তটিনীর সঙ্গে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপু প্রমুখ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ