ATN News
শিরোনাম
  •  

ভালো সঙ্গী হতে গিয়ে নিজের অস্তিত্ব হারাচ্ছেন? চিনে নিন ৫টি লক্ষণ

         
ভালো সঙ্গী হতে গিয়ে নিজের অস্তিত্ব হারাচ্ছেন? চিনে নিন ৫টি লক্ষণ

ভালো সঙ্গী হতে গিয়ে নিজের অস্তিত্ব হারাচ্ছেন? চিনে নিন ৫টি লক্ষণ

আপনি এমন একজন হতে চান যার ওপর আপনার সঙ্গী নির্ভর করতে পারে। আপনি তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তার প্রয়োজনের জন্য জায়গা করে দেন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলেন। কখনও কখনও আপনি অনেক কিছু ছেড়ে দেন কারণ আপনার কাছে সঠিক হওয়ার চেয়ে সম্পর্কটি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপোস করা এবং ধীরে ধীরে এমন একজন হয়ে ওঠার মধ্যে পার্থক্য রয়েছে যাকে আপনি প্রায় চিনতেই পারেন না।

যদি আপনার সম্পর্ককে সুখী রাখার অর্থ হয় ক্রমাগত আপনার পছন্দগুলোকে দমন করা বা আপনার অনুভূতি লুকিয়ে রাখা, তবে সেদিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। এখানে এমন পাঁচটি লক্ষণ রয়েছে যা থেকে বোঝা যায় যে একজন ভালো সঙ্গী হওয়ার চেষ্টায় আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন-

১. নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও বারবার সম্মতি দিচ্ছেন

আপনি হয়তো এমন কোনো পরিকল্পনায় রাজি হচ্ছেন, যা আপনার ভালো লাগে না। কোনো বিষয়ে অস্বস্তি থাকা সত্ত্বেও সঙ্গীর মন খারাপ হবে ভেবে আপত্তি জানাচ্ছেন না। নিজের মতামত প্রকাশ করার চেয়ে হ্যাঁ বলে পরিস্থিতি সামাল দেওয়াকেই সহজ মনে হচ্ছে।

সম্পর্কে আপস করা স্বাভাবিক। তবে প্রতিটি বিষয়ে একজনকেই ছাড় দিতে হলে তা ভারসাম্যপূর্ণ সম্পর্কের লক্ষণ নয়। নিজের অপছন্দ কিংবা সীমাবদ্ধতার কথা নির্ভয়ে জানানোর সুযোগ থাকা প্রয়োজন।

২. নিজের শখ ও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেওয়া বন্ধ করেছেন

একসময় বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বই পড়া, ঘুরতে যাওয়া কিংবা নিজের পছন্দের কাজগুলো উপভোগ করতেন। কিন্তু এখন অবসর সময়ের প্রায় পুরোটাই সঙ্গীকে ঘিরে কাটে। নিজের আগ্রহগুলো যেন ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলেছে।

একসঙ্গে সময় কাটানো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত পছন্দ, বন্ধুত্ব ও শখও সমান গুরুত্বপূর্ণ। ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের আনন্দের জায়গাগুলো হারিয়ে ফেলা উচিত নয়।

৩. মনের কষ্ট প্রকাশ করার আগেই নিজেকে থামিয়ে দেন

সঙ্গীর কোনো আচরণে কষ্ট পেলেও মুখ খুলতে পারেন না। বরং নিজেকেই বোঝান, হয়তো আপনি বেশি ভাবছেন কিংবা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ছেন। কী বলবেন, কীভাবে বলবেন এবং সঙ্গী কীভাবে প্রতিক্রিয়া জানাবেন—এসব ভেবে শেষ পর্যন্ত চুপ থাকেন।

এভাবে সাময়িকভাবে ঝগড়া এড়ানো সম্ভব হলেও মনের মধ্যে জমতে থাকে অভিমান ও হতাশা। একটি সুস্থ সম্পর্কে দুজনেরই নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ থাকা জরুরি। মতবিরোধ হলেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এমন ভয় নিয়ে বেঁচে থাকা মানসিক চাপ বাড়াতে পারে।

৪. আপনার সঙ্গী কতটা খুশি তা দিয়েই আপনি নিজের মূল্য বিচার করেন

যখন আপনার সঙ্গী মন খারাপ করে, আপনি সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করেন যে আপনি কী ভুল করেছেন। আপনি তার মেজাজ ঠিক করা এবং প্রতিটি মতবিরোধ প্রতিরোধের জন্য নিজেকে দায়ী মনে করেন। তার অনুভূতির যত্ন নেওয়া স্বাভাবিক, কিন্তু আপনি তার সব অনুভূতি সামলানোর দায়িত্ব নিতে পারেন না। তার একটি খারাপ দিন কাটানোর মানে এই নয় যে আপনি একজন সঙ্গী হিসেবে ব্যর্থ হয়েছেন।

৫. সম্পর্কের বাইরে নিজের চাওয়া-পাওয়া ভুলে গেছেন

কোনো পরিকল্পনা করার সময় নিজের পছন্দের চেয়ে সঙ্গীর ইচ্ছাকেই আগে গুরুত্ব দেন। ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্ন, ব্যক্তিগত লক্ষ্য কিংবা নতুন কিছু করার আগ্রহও যেন অস্পষ্ট হয়ে গেছে। কী ভালো লাগে, কী করতে চান—এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতেও দ্বিধা হয়।

এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো জরুরি। কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয়, কী অর্জন করতে চান এবং নিজের জীবনকে কীভাবে দেখতে চান, সেসব নিয়ে নতুন করে ভাবুন। সম্পর্কের পাশাপাশি নিজের স্বতন্ত্র পরিচয়টিও ধরে রাখুন।

একটি সুন্দর সম্পর্কের অর্থ দুজন মানুষের একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া নয়; বরং নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই একসঙ্গে এগিয়ে চলা। যেখানে দুজনের মতামত, অনুভূতি, পছন্দ ও ব্যক্তিগত স্বাধীনতাকে সমান গুরুত্ব দেওয়া হয়।

মনে রাখবেন, সব সময় সঙ্গীর মন জুগিয়ে চলাই ভালোবাসার প্রমাণ নয়। নিজের প্রয়োজনের কথা বলা, প্রয়োজনে না বলা এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখাও সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। কারণ একজন ভালো সঙ্গী হতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট লাইফস্টাইল সংবাদ


অন্যান্য সংবাদ