ATN News
শিরোনাম
  •  

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

         
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। আহত ও নিহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পরে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনায় আহত আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা সত্ত্বেও তিনি গতি কমাননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উল্টে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ