ATN News
শিরোনাম
  •  

ঢাকাজুড়ে আতঙ্ক: রাতভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

         
ঢাকাজুড়ে আতঙ্ক: রাতভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

ঢাকাজুড়ে আতঙ্ক: রাতভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকাতেও বিস্ফোরণের খবর আসতে থাকে। রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

রাত সাড়ে ১০টার পর ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে পুলিশ।

এছাড়া ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, শেরেবাংলা নগরের পান্থপথ এবং খিলক্ষেত থানার পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজে মোটরসাইকেলে করে এসে স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে দুর্বৃত্তদের।

ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো পরিকল্পিত যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ