ATN News
শিরোনাম
  •  

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে সচেতনতা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

         
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে সচেতনতা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে সচেতনতা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

দেশের মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণ যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। এ জন্য স্বাস্থ্য খাতের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্ষুরোগের ঝুঁকি কমাতে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিগুলোও সমন্বিতভাবে বিবেচনায় নিতে হবে। প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত যত্নশীল ও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতির পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও তৈরি হয়। অন্যদিকে, ছানি অস্ত্রোপচার অনেকের জন্য ব্যয়বহুল হওয়ায় রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী।

তার মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসজনিত চোখ ও কিডনির জটিলতা কিংবা উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে মানুষকে আগেভাগেই সচেতন করা সম্ভব। এ জন্য চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ